WBCS Descriptive বাংলা পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ সম্পাদককে পত্র: ‘দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়’— সমস্যা, বহুমাত্রিক কুপ্রভাব ও প্রতিকার সংক্রান্ত আদর্শ মডেল খসড়া উত্তর।
WBCS Descriptive Bengali letter writing model answer on corruption as obstacle to development
বিষয়: দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়
বিশেষ দ্রষ্টব্য: ছাত্রছাত্রীদের কাছে যাতে বিষয়টি সংক্রান্ত সর্বাধিক তথ্য ও প্রয়োজনীয় পয়েন্ট পৌঁছায়, সেই উদ্দেশ্যে এখানে শব্দসংখ্যা কিছুটা বেশি রেখে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরীক্ষার সময় প্রয়োজন অনুযায়ী এটি সংক্ষেপ করে লেখা যেতে পারে।
মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু –
আনন্দবাজার পত্রিকা
৬ ,প্রফুল্ল সরকার স্ট্রিট
কলকাতা ৭০০০১
মহাশয়,
আপনার বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্রে “দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়” বিষয়ে নিম্নলিখিত অভিমতটি প্রকাশ করে সুধী পাঠকদের দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকব।
‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে’— উভয়েই সমাজের কাছে সমান দায়বদ্ধ। দুর্নীতি কেবল ব্যক্তির নৈতিক অধঃপতন ঘটায় না, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কাঠামোকেও দুর্বল করে দেয়। ব্যক্তিগত লোভ, কায়েমি স্বার্থসিদ্ধির প্রবণতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে জন্ম নেওয়া এই ব্যাধি আজ প্রশাসন, শিক্ষা,স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও নিয়োগব্যবস্থার মতো অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতেও গভীর ক্ষত তৈরি করেছে।
দুর্নীতির সবচেয়ে মারাত্মক প্রভাব পড়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে। রাস্তা, সেতু, বিদ্যালয়, হাসপাতাল, আবাসন,রেশন ও বিভিন্ন জনকল্যাণমূলক সরকারি প্রকল্পে বরাদ্দ অর্থের অপব্যবহার কিংবা আত্মসাৎ করার ফলে প্রকৃত উপভোক্তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। নির্মাণকাজে দুর্নীতির কারণে নিম্নমানের পরিকাঠামো গড়ে ওঠে, যা সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে সরাসরি বিপন্ন করে তোলে। নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নপত্র ফাঁস, উৎকোচ গ্রহণ ও স্বজনপোষণের মতো অনিয়মের জেরে যোগ্য ও মেধাবী প্রার্থীরা পিছিয়ে পড়েন। এর ফলে যুবসমাজের মধ্যে তীব্র হতাশা জন্ম নেয় এবং রাষ্ট্রযন্ত্রের প্রতি তাদের আস্থা হ্রাস পায়। অন্যদিকে, শিল্প ও বাণিজ্যে অনৈতিক লেনদেন নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। দুর্নীতির এই চরম মূল্য সবচেয়ে বেশি চোকাতে হয় সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষকে, যার ফলে সামাজিক বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পায়।
এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয়; প্রয়োজন আইনের কঠোর, নিরপেক্ষ ও দ্রুত বাস্তবায়ন। প্রশাসনিক স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অনলাইন টেন্ডার, ডিজিটাল লেনদেন, ই-গভর্ন্যান্স এবং উপভোক্তার কাছে সরাসরি আর্থিক সুবিধা পৌঁছে দেওয়ার প্রযুক্তিগত পরিকাঠামো আরও সুসংহত করা দরকার। দুর্নীতির যেকোনো অভিযোগের ক্ষেত্রে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তৃণমূল স্তর থেকে নৈতিক শিক্ষার প্রসার ঘটিয়ে অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলা আবশ্যক।
মনে রাখা প্রয়োজন, দুর্নীতি শুধু দেশের আর্থিক ক্ষতিসাধন করে না; তা নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও সামগ্রিক রাষ্ট্রীয় সংহতিকে ভেতর থেকে অন্তঃসারশূন্য করে ফেলে। তাই প্রশাসনের সদিচ্ছা, বিচারব্যবস্থার দৃঢ়তা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি শোষণমুক্ত ও দুর্নীতিহীন সমাজ গঠন সম্ভব।
WBCS Bengali Compulsory Paper, দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়, সম্পাদককে পত্র, দুর্নীতি ও ভারতের উন্নয়ন, WBCS Main Bengali, দুর্নীতিমুক্ত ভারত ও সুশাসন, বাংলা ব্যাকরণ, banglabakaran.com, পাঠক স্যার, ডব্লিউবিসিএস বাংলা খসড়া উত্তর, ই-গভর্ন্যান্স ও দুর্নীতি দমন, নিয়োগ দুর্নীতি ও যুবসমাজের হতাশা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি, WBCS Descriptive Bengali, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বাংলা প্রস্তুতি