WBCS Compulsory Paper I-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পাদকীয় প্রতিবেদন: সুপ্রিম কোর্টের যুগান্তকারী নির্দেশ, সংবিধানের অনুচ্ছেদ ২১, সড়ক-নিরাপত্তা ও আইন বনাম পরিকাঠামোর দ্বন্দ্বে সমৃদ্ধ মডেল উত্তর। WBCS Descriptive পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি।
সম্পাদকীয় প্রতিবেদন -সড়ক-নিরাপত্তা
মসৃণ, প্রশস্ত, দ্রুতগামী জাতীয় সড়ক দেশের অগ্রগতির মুখচ্ছবি হতে পারত। কিন্তু, ভারতে তা আতঙ্কের অপর নাম। সড়ক পরিকাঠামোর মাত্র দুই শতাংশ জাতীয় সড়ক হলেও, দুর্ঘটনার বলিদের প্রতি তিন জনের এক জন এই পথেই প্রাণ হারান। সম্প্রতি রাজস্থান ও তেলঙ্গানায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা অতিকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ৩৪ জনের মর্মান্তিক মৃত্যুর পর শীর্ষ আদালত নড়েচড়ে বসেছে। সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে জীবনের অধিকারকে আশ্রয় করে সড়ক-নিরাপত্তাকে ‘মৌলিক অধিকার’ ঘোষণা করেছে আদালত। নির্দেশ স্পষ্ট—নির্দিষ্ট সীমার বাইরে পিচরাস্তায় বা পাশের সমতল অংশে ভারী গাড়ি দাঁড় করানো চলবে না, সড়কের দখলদারি হটাতে হবে এবং প্রযুক্তির নজরদারি নিশ্চিত করতে হবে ষাট দিনের মধ্যে। নজরদারি, পরিকাঠামো ও দায়বদ্ধতা এক সুতোয় বেঁধে জেলাশাসকদের ওপর ভার চাপিয়ে আদালত যে সক্রিয়তা দেখিয়েছে, কাগজেকলমে তা অনবদ্য।
কিন্তু বিচারব্যবস্থাকে মর্যাদা জানিয়েও প্রশ্ন তোলা জরুরি—অনিয়ন্ত্রিত গতি ও চালকদের চরম ক্লান্তি সামলাবে কে? এর সঙ্গে জড়িয়ে রয়েছে নির্দিষ্ট ‘লেন’ ভেঙে চলার বদভ্যাস, দৃষ্টিগ্রাহ্য পথনির্দেশিকার আকাল এবং গাড়ির পেছনে রিফ্লেক্টর লাগানোর ক্ষেত্রে নিদারুণ ঢিলেমি। আলোহীন অন্ধকারে হঠাৎ দাঁড়িয়ে থাকা কোনো অচেনা পাহাড়ের সামনে পড়লে যে কোনো চালকের পক্ষেই বেঁচে ফেরা লটারির শামিল। আইন রয়েছে অজস্র, কিন্তু ‘ঘণ্টা বাঁধে কে’? আদালতের হুকুম তামিল করতে যে প্রশাসনিক তৎপরতা দরকার, তার সদিচ্ছা কোথায়? তার ওপর রয়েছে দূরপাল্লার চালকদের দুর্দশা। পথের ধারে উপযুক্ত ও স্বাস্থ্যসম্মত বিশ্রামস্থলের অভাবে তাঁরা বাধ্য হয়েই পিচরাস্তার পাশে গাড়ি থামান। রোগ না সারিয়ে শুধু দাওয়াই বদলালে ফল মেলে না।
পরিকাঠামোর তোয়াক্কা না করে কেবল নিষেধাজ্ঞার ডাণ্ডা ঘোরালে তা শেষ পর্যন্ত চালকদের শোষণ এবং পথে পথে পুলিশের উৎকোচ আদায়ের পথই প্রশস্ত করবে। রাষ্ট্রকে ভুললে চলবে না—“পথ তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না,পথচারীর প্রাণরক্ষাই পথের আসল ধর্ম।” সাময়িক পুলিশি ধরপাকড়ের দেখনদারি ছেড়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত না হলে আদালতের এই ঐতিহাসিক রায়ও একদিন কালগর্ভে তলিয়ে যাবে।
সড়ক-নিরাপত্তা, জাতীয় সড়ক দুর্ঘটনা, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট, পথনিরাপত্তা আইন, সম্পাদকীয় প্রতিবেদন, WBCS, WBCS DESCRIPTIVE, WBCS COMPULSORY