বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম

বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম

বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম

বাংলা ব্যাকরণ: বাচ্য (Voice) ও বাচ্য পরিবর্তনের সহজ নিয়ম

“ঘরোয়া কথাকে যখন শৌখিন রূপ দেওয়া যায়, তখনই ভাষা সাহিত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়।”

— হীরেন্দ্রনাথ দত্ত

বাচ্য কাকে বলে?

ক্রিয়ার যে রূপভেদের মাধ্যমে বাক্যে কর্তা, কর্ম নাকি ক্রিয়ার ভাব—কার প্রাধান্য নির্দেশিত হচ্ছে তা স্পষ্ট হয়, তাকে বাচ্য (Voice) বলে। সহজ কথায়, বাচ্য হলো বক্তব্য প্রকাশের একটি বিশিষ্ট ব্যাকরণগত ভঙ্গি।

বাচ্য মূলত চার প্রকার:
১. কর্তৃবাচ্য (Active Voice) ২. কর্মবাচ্য (Passive Voice) ৩. ভাববাচ্য (Impersonal Voice) ৪. কর্ম-কর্তৃবাচ্য (Quasi-passive Voice)

১. কর্তৃবাচ্য (Active Voice)

যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে, ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় এবং কর্তার পুরুষ (Person) অনুযায়ী ক্রিয়া নির্ধারিত হয়, তাকে কর্তৃবাচ্য বলে।

মূল বৈশিষ্ট্য
  • ক্রিয়ার সঙ্গে কর্তার সরাসরি ও প্রধান সম্পর্ক থাকে।
  • কর্তৃপদে সাধারণত প্রথমা বা শূন্য বিভক্তি (কখনও ‘এ’, ‘তে’ বিভক্তি) যুক্ত হয়।
  • ক্রিয়াপদ সকর্মক কিংবা অকর্মক—উভয় প্রকারই হতে পারে।
জেনে রাখা ভালো:
  • সকর্মক ক্রিয়া: ক্রিয়ার কর্ম উপস্থিত থাকে (যেমন: সে কাজ করে, আমি ভাত খাই)।
  • অকর্মক ক্রিয়া: ক্রিয়ার কোনো কর্ম থাকে না (যেমন: তুমি যাও, মেঘ ডাকে)।
নির্বাচিত উদাহরণ
• শিশু চাঁদ দেখিতেছিল। • পাখি গান গায়। • ছেলেটি ব্যাকরণ পড়ে। • পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। • আমি চিড়িয়াখানা দেখেছি। • রাম বনে ফুল পাড়ে। • বুলবুলিতে ধান খেয়েছে। • শৌভিক মাঠে ফুটবল খেলে।

২. কর্মবাচ্য (Passive Voice)

যে বাক্যে কর্মের প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্মপদের অনুগামী হয়ে সম্পন্ন হয়, তাকে কর্মবাচ্য বলে।

মূল বৈশিষ্ট্য
  • বাক্যে ক্রিয়াটি সর্বদা সকর্মক হতে হবে।
  • কর্তা অপ্রধান থাকে এবং কর্তার সঙ্গে সাধারণত সম্বন্ধ পদীয় বিভক্তি (‘র’ / ‘এর’) অথবা অনুসর্গ (‘দ্বারা’, ‘দিয়া’, ‘কর্তৃক’) যুক্ত হয়।
  • কর্মপদটি রূপগতভাবে কর্তার মতো অবস্থান নেয় এবং সাধারণত শূন্য বিভক্তিযুক্ত হয়।
  • সমাপিকা ক্রিয়াটি রূপান্তরের সময় প্রায়শই ‘হওয়া’ বা ‘যাওয়া’ ধাতুর সাহায্য নিয়ে যৌগিক ক্রিয়ার রূপ নেয়।
নির্বাচিত উদাহরণ
• কবি কালিদাস কর্তৃক ‘মেঘদূত’ কাব্য রচিত হয়েছে। • মানুষের দ্বারা কোনোদিন কোনো যথার্থ হিত ভিক্ষারূপে গৃহীত হইবে না। • তার দ্বারা বইটি বহুবার পঠিত হয়েছে। • রামের দ্বারা রাবণ হত হয়েছিল। • ‘শিকড়ের সন্ধান’ গ্রন্থটি আমার দ্বারা লিখিত হয়েছে। • সরকার কর্তৃক সে পুরস্কৃত হল। • একথা তো পূর্বেই বলা হয়েছে। • কৃষকের দ্বারা আমরা প্রতিপালিত হই। • তোমার দ্বারা এ কাজ হবে না।

৩. ভাববাচ্য (Impersonal Voice)

যে বাচ্যে বাক্যের কর্তা বা কর্ম কারও প্রাধান্য থাকে না, বরং ক্রিয়ার ভাবটিই প্রধান রূপে আত্মপ্রকাশ করে, তাকে ভাববাচ্য বলে।

মূল বৈশিষ্ট্য
  • কর্তায় সাধারণত সম্বন্ধ বিভক্তি (‘র’ / ‘এর’) কিংবা কর্মকারকের বিভক্তি (‘কে’) যুক্ত থাকে।
  • ক্রিয়াপদ সর্বদাই প্রথম পুরুষ (Third Person)-এর রূপে অবস্থান করে।
  • ক্রিয়াপদটি সাধারণত যৌগিক ক্রিয়ার কাঠামোর হয় (একটি অসমাপিকা ক্রিয়া এবং শেষে একটি সমাপিকা ক্রিয়া)।
  • বাক্যটিতে কাজের অনুভূতির ওপর বেশি জোর পড়ে।
নির্বাচিত উদাহরণ
• মহাশয়ের আসা ভালো হয় নাই। • এইমাত্র বোঝা গিয়েছে। • আর কাহারও নিস্তার থাকে না। • আমার আজ যাওয়া হবে না। • তোমার এখন কোথায় থাকা হয়? • মরতে একদিন তো হবেই ভাই। • পুনশ্চ শ্রবণ করা হোক। • সে কথা কি ওর জানাও নেই? • বাবুদিগের জয় হোক। • আমাদের সেই মনের কোনো পরিবর্তন হইল না।

৪. কর্ম-কর্তৃবাচ্য (Quasi-passive Voice)

যে বাচ্যে কোনো দৃশ্যমান ব্যক্তি-কর্তা উপস্থিত থাকে না, অথচ কর্মপদটি নিজেই কর্তার মতো আচরণ করে ক্রিয়া নিষ্পন্ন করে, তাকে কর্ম-কর্তৃবাচ্য বলে।

বাস্তবে কাজটি অন্য কারও দ্বারা সম্পন্ন হলেও বাক্যের গঠনে মনে হয় কাজটি নিজে থেকেই ঘটছে। খাঁটি বাংলায় এই ধরনের বাক্যের বহুল প্রয়োগ রয়েছে।

মূল বৈশিষ্ট্য
  • প্রকৃত কর্তা ব্যাকরণগতভাবে অনুপস্থিত বা উহ্য থাকে।
  • কর্মপদটিই কর্তার স্থান দখল করে।
  • কর্মবাচ্যের অর্থ প্রকাশ করলেও ক্রিয়ার রূপ কর্তৃবাচ্যের মতো দেখায়।
নির্বাচিত উদাহরণ
• সুরলোকে বাজে জয়শঙ্খ। • বাতাসে দরজা বন্ধ হয়ে গেল। • উপন্যাসের বই বাজারে কাটে ভালো। • মাঠে মাঠে ঘুড়ি ওড়ে। • রাত্রি এগারোটায় অনুষ্ঠান ভাঙিল। • ঢাক বাজে, বাঁশি বাজে। • ভাঙল সুখের হাট। • টাকা এতদিন খেটেছে।